ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যান।

তিনি তাঁর আধা ঘণ্টার বক্তব্যে যুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার কথাও আলোচনা করেন তিনি।

প্রতিরক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ভারতের সশস্ত্র বাহিনী এবং ভারত সরকারের পক্ষ থেকে আমি বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ৫০তম বার্ষিকীতে অভিনন্দন জানাই এবং শান্তি ও নিরাপত্তায় তাদের প্রচেষ্টার মঙ্গল কামনা করি। এ বছরটি ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কারণ আমরা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ভারত-বাংলাদেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করছি। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে আমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর বীরত্বপূর্ণ সংগ্রামকে শ্রদ্ধা জানাই।