মোঃ জয়নুল আবেদীন তুহিন, মির্জাগঞ্জ, প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় মানসিক ভারসাম্যহীন অসহায় মা ও মেয়ে দীর্ঘদিন যাবত খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

উপজেলার সুবিদখালী বাজার ব্রীজের উত্তর পাড় বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কের পাশে মানসিক ভারসাম্যহীন অসহায় শেফালী রানী ও তার মেয়ে পুতুল রানী দীর্ঘদিন যাবত ঝড়বৃষ্টি কনকনে ঠান্ডা উপেক্ষা করে খোলা আকাশের নিচে বসবাস করিতেছেন। মা মেয়ে দুজনেই মানসিক ভারসাম্যহীন।

শেফালী রানীর স্বামী লোহার দাঁ কাঁচি গড়ার কাজ করিতেন। তা থেকে যা উপার্জন হতো তা দিয়ে কোনো রকম সংসার চালাতেন। বছর দেড়েক আগে শেফালী রানীর স্বামী মারা যায়। একমাত্র উপার্জনকারী স্বামী মারা যাওয়াতে শেফালী রানী খুবই অসহায় হয়ে পরে। এরপর মানুষের কাছে ভিক্ষা করে কোনো রকম শেফালী রানী ও তার মেয়ে পুতুল রানী খেয়েদেয়ে বেঁচে আছে।

তাদের মাথাগোঁজার মতো কোনো জায়গা নাই। মা মেয়ের এমন মানবেতর জীবনযাপন দেখে আশপাশের বসবাসকারীরা এবং ওই পথ ধরে যাতায়াত করা বিভিন্ন লোকজন দুঃখপ্রকাশ করেন। ওখানকার বাসিন্দারা জানান,ওই মহিলা ও মেয়ে দীর্ঘদিন যাবত এখানে খোলা আকাশের নিচে বসবাস করিতেছে। মাঝখানে কিছুদিন একটি অব্যবহৃত দোকান ঘরের সামনে ছাউনির নিচে ছিলো। দোকানের মালিক দোকান ঘরটি ভাড়া দেওয়াতে ওখান থেকে এসে এই খোলা জায়গায় থাকেন।

এর আগে তারা অন্যত্র ছিলেন। সরকার যদি তাঁদেরকে একটি ঘর দিতো তাহলে মা মেয়ের কষ্ট করে খোলা আকাশের নিচে থাকতে হতো না। ওখানকার বাসিন্দা মানিক হাওলাদার জানান,ওই মহিলা ও তার মেয়েটি মানুষের কাছে ভিক্ষা করে কোনো রকম অনাহারে অর্ধাহারে জীবন কাটাচ্ছে। রাত হলে খোলা আকাশের নিচে এই কনকনে শীতের মধ্যে শিশিরে ভিজে রাত যাপন করে। এরা দীর্ঘদিন যাবত উপজেলার এখানে ওখানে পথেঘাটে থাকিতেছে।

তাদের এরকম অবস্থা দেখে খুবই কষ্ট লাগে। ওই মহিলার (শেফালী রানী) দুই ভাই সুবিদখালী বাজারের প্রতিষ্ঠিত স্বর্ণের ব্যবসায়ী। ভাইদের আর্থিক অবস্থা খুবই ভালো। তারা তাদের বোন ভাগ্নির তেমন খোঁজখবর নিচ্ছে না। সরকারের উচিত এই মানসিক ভারসাম্যহীন অসহায় মা মেয়ের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া।