২০ বছর পরে আগামী ১৬ ই জানুয়ারি অনুষ্ঠিত হবে যশোর জেলার ঝিকরগাছা পৌরসভা নির্বাচন। কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন ? কে হবেন নৌকার মাঝি ? যেহেতু জামাত-বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, সেহেতু প্রার্থীরা নৌকা মার্কা আনতে পারলেই এই নির্বাচনে জয়ী হওয়া অনেকটা নিশ্চিত বলে মনে করছেন আওয়ামীলিগ মনোনয়ন প্রত্যাশীরা।

নৌকার প্রতীক পাওয়ার জন্য মনোনয়ন প্রত্যাশীরা বিভিন্ন উপায়ে চেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে চলছে জোর আলোচনা।
চায়ের স্টল থেকে সরকারি-বেসরকারি দপ্তরসহ সবখানে আলোচনা-বিচার বিশ্লেষণ একটাই- কে হচ্ছেন প্রার্থী?

আওয়ামীলীগ থেকে এবার মনোনয়ন চাইছেন অনেক প্রার্থী। গত ৩ ডিসেম্বর আওয়ামীলীগের ধানমন্ডি কার্যালয়ে, মনোনয়ন ক্রয়-বিক্রয় সময়ের মধ্যে, ১৩ জন দলীয় মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন চেয়ে দলীয় ফরম ক্রয় করে ‌জমা দিয়েছেন।

তারা হলেন- বর্তমান মেয়র উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শাহানা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: মোস্তাফিজুর রহমান মুছা, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসিমুল হাবিব শিপার, প্রচার সম্পাদক মর্তুজা ইসলাম বাবু, বঙ্গবন্ধুর সাবাস চেয়ারম্যান খ্যাত মরহুম আবুল ইসলামের পুত্র মাজহারুল ইসলাম প্রিন্স, আওয়ামীলীগ নেতা আমানুল কাদের টুলু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সেলিমুল হক সালাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পি, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশিদ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমামুল হাবিব জগলু।

উল্লেখ্য, এই পৌরসভায় সর্বশেষ নির্বাচন হয় ২০০১ সালের ২ এপ্রিল। বর্তমানে এই পৌরসভার ০৯ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা প্রায় ২৬ হাজার। গত ৩০ ডিসেম্বর নির্বাচন কমিশন ঝিকরগাছা পৌরসভার নির্বাচনী তফশীল ঘোষণা করেন। সেই ঘোষণা মোতাবেক ১৫ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। ২০ ডিসেম্বর মনোনয়ন বাছাই, ২৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৬ জানুয়ারি ভোট গ্রহণ।