করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের আরও ৭৫ জন। এ নিয়ে পুরো বৃটেনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৪ জনে। স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা বলছেন, আক্রান্তদের বেশির ভাগই পূর্ণ ডোজ টিকা নেয়া।

তবে সর্বশেষ যে ৭৫ জনের দেহে এই সংক্রমণ পাওয়া গেছে তারা করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছিলেন কিনা অথবা আদৌ টিকা নিয়েছিলেন কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। এখন পর্যন্ত ওমিক্রন শনাক্ত হয়েছে ইস্ট মিডল্যান্ডস, ইস্ট অব লন্ডন, লন্ডন, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট এবং ওয়েস্ট মিডল্যান্ডসে।

এ খবর দিয়ে অনলাইন ডেইলি মেইল বলছে, ইংল্যান্ডে ওমিক্রন সংক্রমণ ধরা পড়ার পর স্পষ্ট হয়ে উঠেছে যে, গোটা বৃটেনেও থাবা বসিয়েছে এই ভ্যারিয়েন্ট। এ খবর এমন এক সময়ে এলো, যখন শুক্রবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতেও প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি চান এবারের বড়দিন যতটা সম্ভব স্বাভাবিকভাবেই উদযাপন করুক বৃটিশরা।