শক্তি হারিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়া ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মঙ্গলবারও রাজধানীসহ সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

গত ৫০ বছরের ডিসেম্বরে মাসে এক দিনে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সোমবার।এদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানীতে মোট ৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

যা ৫০ বছরের ডিসেম্বরে মাসে এক দিনে সবচেয়ে বেশি বৃষ্টির রেকর্ড বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে রোববার রাজধানীতে ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, তা ছিল গত ৫০ বছরের মধ্যে ডিসেম্বরে এক দিনের হিসাবে তৃতীয় সর্বোচ্চ। আবহাওয়ার বিচারে ডিসেম্বর মাসে বৃষ্টিপাতের হার খুব কম।

এ সময় শীতের প্রভাবে আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকে। কিন্তু গত দুই দিন সব হিসেবের বাইরে গিয়ে প্রায় সারাদিনই হালকা থেকে মাঝারি বর্ষণ হয়েছে। এর আগে ১৯৭৩ সালের ৮ ও ৯ ডিসেম্বর দুই দিনে ৪৪ ও ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

তবে ডিসেম্বর মাসে সারা দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড রয়েছে কক্সবাজারের টেকনাফে। ২০১২ সালের ৯ ডিসেম্বর সেখানে ১৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।