নিউজিল্যান্ড পৌঁছে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। যে কারণে কোয়ারেন্টিনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। এমতাবস্থায় আগামী ১লা জানুয়ারি থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজ নিয়ে শঙ্কা জেগেছে।

এ নিয়ে জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবির অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

গত ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় সুখবর দিয়েছিলেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। জানিয়েছিলেন সর্বশেষ করোনা টেস্টে দলের সবাই নেগেটিভ এসেছেন। কোয়ারেন্টিন সেন্টার ছেড়ে টিম হোটেলে যাওয়ার কথাও ছিল টাইগারদের। তবে সেটি সম্ভব হয়নি রঙ্গনা হেরাথের করোনায় পজেটিভ হওয়ায়।

একই বিমানে সফর করায় গোটা টিমকেই কোয়ারেন্টিনের সময়সীমা বাড়িয়ে দেয়া হয়। এমতাবস্থায় গুঞ্জন উঠেছে সিরিজ না খেলেই দেশে ফিরতে পারে বাংলাদেশ টেস্ট দল।

আকরাম খান বলেন, ‘এখনও নিশ্চিত নয় (নিউজিল্যান্ড সফরের অনিশ্চয়তা)। সেজন্যই বিসিবিতে বৈঠক ডাকা হয়েছে।’

এদিকে আক্রান্ত হেরাথের করোনার ধরন জানতে পারার কথা আজকে। এই রিপোর্টের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দল। কারণ হেরাথের ওমিক্রন হলে দুর্দশা বাড়বে আরও।

বিসিবির প্রধান চিকিৎসক বিষয়টি নিয়ে বলেন, ‘হেরাথের ওমিক্রন হলে আরও টানা পোড়েনে পড়তে হবে দলকে।’

তবে সুখবর হলো সুস্থ হয়ে উঠছেন হেরাথ। বিসিবির অপারেশনস ম্যানেজার নাফিস ইকবাল বলেছেন, ‘হেরাথ এখন ভালো আছে। ওর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। খুব দ্রুত উন্নতি হচ্ছে। আশা করি খুব শিগগিরই সে দলের সঙ্গে যোগ দিতে পারবে।’

বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক নিশ্চিত করেছেন, ২১শে ডিসেম্বর পর্যন্ত কঠোর কোয়ারেন্টিন পালন করতে হবে দলকে। অনুশীলন তো দূরের কথা, জিমও করা যাবে না।

নিউজিল্যান্ডে মোট চারবার করোনা পরীক্ষা করা হবে টাইগারদের। যার তিনটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যেখানে রঙ্গনা হেরাথ ছাড়া বাকি সবাই নেগেটিভ। হেরাথ আক্রান্ত হওয়ার কারণেই মূলত অনুশীলন সুবিধা বন্ধ করা হয়েছে বাংলাদেশ দলের। চতুর্থ করোনা পরীক্ষা হবে সফরের নবম দিনে।
এবারের সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত দুই টেস্টের প্রথমটি শুরুর হওয়ার কথা ১লা জানুয়ারি এবং দ্বিতীয়টি ৯ই জানুয়ারি।