
পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী করাচিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত এক ডজন মানুষ।
শনিবার স্থানীয় সময় সকালের দিকে করাচির শেরশাহ এলাকায় বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। শেরশাহ পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, সেখানকার বেসরকারি একটি ব্যাংকের ভবনের নিচের নর্দমায় বিস্ফোরণ ঘটেছে। নর্দমা পরিষ্কার করার জন্য ওই ভবন খালি করার নোটিশ দেওয়া হয়েছিল।
কিন্তু ভবন খালি করার আগেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে জিও টিভি বলছে, শেরশাহ এলাকায় নালার পাশ দিয়ে যাওয়া একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটেছে।
বিস্ফোরণে নালার পাশের একটি বেসরকারি ব্যাংক ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে আহতদের উদ্ধার করে শেরশাহ সিভিক হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। করাচি পুলিশের কর্মকর্তা জাফর আলী শাহ বলেছেন, ব্যাংক ভবনটির পাশে একটি পেট্রোল পাম্প ছিল। বিস্ফোরণে এই পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের নিচের নর্দমায় গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।