রোববার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকায় সফররত আইএমএফ টিমের সংবাদ এক সম্মেলনে জানিয়েছে, চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আগের পূর্বাভাষের চেয়ে বৃদ্ধি পাবে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে , আমাদের ধারণা বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় প্রবৃদ্ধি আরও কিছুটা বাড়বে। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৬.৬ শতাংশ হতে পারে। গত অক্টোবরে এই পূর্বাভাষ ছিল ৬ দশমিক ৫ শতাংশ। তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের কারণে এই প্রবৃদ্ধি অর্জনে কিছু চ্যালেঞ্জও রয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের একাধিক ঢেউ নাড়িয়ে দিয়ে গেলেও সরকারের দ্রুত ও সময়োচিত পদক্ষেপে বাংলাদেশের অর্থনীতি প্রতিবেশী দেশগুলোর তুলনায় দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে করছে আইএমএফ।

বাংলাদেশ মিশনের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে আইএমএফের একটি প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। এই সফরে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় তাদের এই পর্যবেক্ষণ তুলে ধরা হয় বলে শনিবার আইএমএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।