ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠটি গৃহস্থের উঠোন ও সবজির চাষের মাঠে পরিণত হয়েছে । ব্যবহৃত হচ্ছে এলাকাবাসীর বহুমুখী কাজে। গরু ছাগল চড়ানো হয় মাঠে। ফলে অরক্ষিত অবস্থায় মাঠের সৌন্দর্যরূপ হারিয়ে হুমকির মুখে পড়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম।

সরেজমিন গিয়ে দেখা যায়, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কোন সীমানা প্রাচীর না থাকায় এলাকার মানুষ ঈশ্বরগঞ্জের একমাত্র খেলার মাঠকে রাস্তা হিসেবে ব্যবহার করছে। অবাধে মাঠে গরু ছাগল বিচরন করাচ্ছে। আর গরু ছাগলের মলমূত্র মাঠটি সার্বক্ষণিক নোংরা হচ্ছে।

দর্শকদের বসার জন্য সিমেন্টের তৈরি পাটাতনগুলো অধিকাংশই ময়লার আস্তরণ পড়ে স্টেডিয়ামের সৌন্দর্য ম্লান হচ্ছে। পাশাপাশি স্থানীয়রা খড় খুড় খুটো শুকানোর কাজেও ব্যবহার করে মিনি স্টেডিয়ামকে। সব মিলে স্টেডিয়ামটির বাস্তব অবস্থা দেখে মনে হয় এ যেন পরিত্যক্ত মাঠ।

দুর্বার সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি মশিউর রহমান কাউসার বলেন, স্টেডিয়ামটি খেলার অনউপযোগী হয়ে পরছে স্থানীয় যুবক আর স্কুল কলেজের ছাত্ররা এখন মাঠের এক পাশে অল্প জায়গা নিয়ে খেলাধুলা করে। আর স্থানীয় ক্লাব গুলো মাঠের অভাবে ঠিকঠাক অনুশীলন করতে পারছেন না।

স্টেডিয়ামটির এ পরিস্থিতির ব্যাপারে ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ যুবলীগের সভাপতি আবুল খায়ের বলেন, স্টেডিয়ামটির সীমানা প্রাচীর নির্মানের ব্যবস্থা হলে স্টেডিয়ামটি একটা সুন্দর পরিবেশে ফিরে আসবে । সে সঙ্গে তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন ।

একই প্রতিক্রিয়া ক্রিড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন বলেন স্টেডিয়ামটির সীমানা প্রাচীর না থাকায় এ পারিপার্শ্বিকতা সৃষ্টি হয়েছে ।