নতুর বছরে প্রিয়জনদের উপহার দিলেন বাংলা সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। তবে গত বছরের মতো এবারও আদালতে পা রাখতে হয়েছে তাকে। রোববার (২ জানুয়ারি) দুপুর ১২টা ১৮ মিনিটে ঢাকার ১০নং বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে উপস্থিত হন পরীমণি।

এরপর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর মাধ্যমে তিনি হাজিরা প্রদান করেন। এদিকে, একই দিনে তার নতুন ছবি ‘মুখোশ’নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদকর্মী ও ভক্তদের ভার্চ্যুয়াল গিফট দেন তিনি।

সেখানে উপস্থিত ছিলেন ছবির নির্মাতা ইফতেখার শুভ, চিত্রনায়ক জিয়াউল রোশান, টাইগার মিডিয়ার কর্ণধার অভিসহ অনেকে। সেখানেই পরী জানান তার ভার্চ্যুয়াল উপহারটি হচ্ছে চলচ্চিত্রটির টাইটেল গান। পরী বলেন, ‘হ্যাপি নিউ ইয়ার।

সবাইকে তো আর বাসায় বাসায় গিয়ে গিফট করা সম্ভব না। কিন্তু প্রত্যাশা তো থাকেই প্রিয় মানুষদের কাছ থেকে উপহার পাওয়ার বা দেওয়ার। আমার ভক্ত, দর্শক ও আপনারা (সাংবাদিক) যারা আছেন তাদের জন্য এ গানটা বা কাজটা আমার তরফ থেকে উপহার। আমি আশা করবো, এটি সবার পছন্দ হবে।’