
মানিক হোসেন | নিজস্ব প্রতিবেদক: “শ্রী সনাতন কর্মকার পেশায় একজন কর্মকার (কামার)। তাঁর বয়স ৮৫ বছর হলেও কে শোনে কার কথা। বাড়ির গিন্নী বলুক আর পাড়া প্রতিবেশী বলুক, পেশা ছাড়তে নারাজ মৃত্যু অবধি।” -এমনটি জানালেন সতাতনের কাছে কাজ নিয়ে আসা আল্লাম তালু (৭০)।
সকাল হলেই সকালের খাবার খেয়ে পুটলাপুটলি গুছিয়ে নিয়ে চলে আসেন বাঁশলীতলা। সাথে দুপুরের খাবার নিয়ে আসেন। বাঁশলীতলা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীর পাশের এক মোড়। যেখানে সনাতন কামার, গ্রামের মানুষের লোহার জিনিসপত্রের ধার কমে গেলে ধার দিয়ে দেন । নতুন তৈরী করতে হলেও ছুটে আসেন মানুষেরা তাঁর কাছে। সনাতান কর্মকারের বাড়ি গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটা হাতনাবাজ গ্রামে। স্ত্রী সুমতী বালা দাস (৭৮), তিন ছেলে দশরথ (৪২), ভিম (৩২), অরুণ (২৫)। তিন ছেলেই বিয়ে করে আলাদা থাকেন।
সনাতন কর্মকারের জীবনের শুরুটা দাদা মৃত বসন্ত কর্মকারের হাত ধরে, পরে বাবা মৃত তারাপদ কর্মকারের সাথে থাকতেই ধরে নিয়েছিলেন এই পেশা। ধরেছিলেন সংসারের হাল। সনাতনেরা ৪ ভাই, তিনিই ভাইদের মধ্যে বড়। তাঁর তিন ভাইয়েরাও কামার। তিনি হাপর চালিয়ে কয়লায় আগুন ধরান। আগুন জ্বালিয়ে লোহা গরম করে, লোহাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মনের মত করে নিয়ে তৈরী করেন হাঁসুয়া, কাস্তে, দা, বটি, ছুরি,চাকু কোদাল, ফলা, শাবল, নিড়ানি, চিমটি, খুন্তি, করাতসহ নিত্য প্রয়োজনীয় লোহার জিনিসপত্র। বয়সের ভারে হাত কাঁপলেও থেমে নেই হাতুড়ি । ঐতিহ্যগত বাপ দাদার পেশা টিকিয়ে রাখার জন্য তিন ছেলেকেও এই পেশা ধরিয়ে দিয়েছেন।
সনাতন কর্মকারের পেশা সম্পর্কে জানান, আমরা হিন্দু পরিবারের সন্তান। বাপ-দাদা চৌদ্দগোষ্ঠী কর্মকার ছিলেন। আমার জ্ঞান-বুদ্ধি হওয়ার পর থেকেই এই পেশায় নিয়োজিত। এক সময় প্রতিদিন ৩০-৪০ টি হাতিয়ারের কাজ করেছি। আগুনের তাপ সহ্য করতে পারিনা তাছাড়াও বয়স বেশি হওয়ায় চোখে কম দেখি। এখন সারাদিনে ৭-১০ টি হাতিয়ারের কাজ করতে পারি। প্রতিটা হাতিয়ারের কাজ করতে ৩০ থেকে ৫০ টাকা করে নিই। আগে অনেক টাকা উপার্জন করেছি। মানুষ বেশি ছিল। এখন কাজ কম, টাকাও কম। সংসারে মানুষও দুইজন। তারওপর বয়স্ক ভাতার টাকা পাই। দিন ভালোই কেটে যায়।
তিনি আরও বলেন, কামারের এই পেশার জন্য অনেক কষ্ট করতে হয়। আমি চাঁপাইনবাবগঞ্জের হরিপুরে ২০ বছর, কষবার আন্ধারকোটে ১৫ বছর কাজ করেছি। বাদ-বাকী রাজাবাড়ী বাজারে কাজ করেছি। এখন রাস্তা বাজারে বসি না। এখন বাঁশলীতলায় রাস্তার পাশে কাজ করছি। এই পেশার কাজের জন্য বিভিন্ন যন্ত্রপাতি লাগে যেমন কয়েক প্রকারের হাতুড়ি, লোহার পাত, কয়লা, ধানের তুষ, হাপর ( হাতিন), পানি, আগুন, ছেনি সহ আরো কিছু জিনিসপত্র। কয়লা কিনতে হয় ১ বস্তা ৩০০ টাকায়। আর যন্ত্রপাতি কিনতে যা খরচ হয়েছিল।
কাস্তে বানাতে আসা মিলন বড়ুয়া (৩৩) বলেন, সবচেয়ে পুরাতন কামার এই সনাতন কাকা। সবচেয়ে বেশি প্রবীণ। অনেক অভিজ্ঞতা, কিন্তু আগের মত কাজ করতে পারে না। কাজ করতে সময়ও লাগে বেশি। হাত-কাঁপে এখন। যারা আসে তারাও ভয় পায় যদি অঘটন ঘটে। আমার কাজে অনেক মানুষ লেগেছে। কিছু কাস্তে ধার দিতে হবে। আর দুইটা বানাতে দিলাম।
শীতলপুরের আল্লাম তালু বলেন, সনাতন দাদার ছেলেরা ভিন্ন হয়ে গেছে। যতদিন থেকে দেখছি, একাধারে কাজ করে যাচ্ছেন। অনেক পরিশ্রমী তিনি। তিনি মুক্তিযোদ্ধাদের সাথে ছিলেন এবং যুদ্ধ করেছেন। দেশ স্বাধীনের পর এক পাদ্রী ভয় দেখিয়ে ছিল তাই বলতে পারেননি। আর এখন বলেন না এই কারণে যে, বলে লাভ হবে না হয়তো।অনেক দিন দেখা নাই তাই, আমি একটা দা বানিয়ে নিতে এসেছি । এতে দেখা হল, অনেক ভালো লাগলো।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।