বিশ্ববিখ্যাত মার্কিন দার্শনিক নোয়াম চমস্কি ভারতের চলমান রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা টিআরটি-তে এক সাক্ষাৎকার দিয়েছেন। আধুনিক ভাষাতত্বের জনক খ্যাত এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, পশ্চিমা দেশগুলোতে যে ইসলামফোবিয়া চলছে- এর সবচেয়ে ভয়ংকর রূপটি দেখা যাচ্ছে ভারতে। সেক্যুলার ভারতকে মোদি সরকার একটি হিন্দুত্ববাদী দেশে রুপান্তরিত করতে যাচ্ছে। ২৫০ মিলিয়ন মুসলিমদের (২৫ কোটি) জোর করে সংখ্যালঘু বানানোর চেষ্টা চলছে। এই আক্রমণ এখন বিভিন্ন রূপ নিচ্ছে। মানুষের ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থাকেও মুসলিমদের বিরুদ্ধে পরিচালিত করার চেষ্টা হচ্ছে। যা এখন আরও বেড়েছে। এদিকে দীর্ঘ সময় ধরে কাশ্মীরে ভারতের দমন-পীড়ন চলছেই। মোদির নেতৃত্বে কট্টর হিন্দুত্ববাদিরা এই নির্যাতনকে আরও বাড়িয়ে তুলেছে। কাশ্মীর এখন মিলিটারি নিয়ন্ত্রিত একটি সহিংস জনপদ। যেটিকে ফিলিস্তিনের মতই দখল করে রাখা হয়েছে।