আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালবাসা দিবস। দিবসটি উপলক্ষে প্রিয়তমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। ভালোবাসার অনুভূতি প্রকাশের মাধ্যমে উদযাপন করছেন দিনটি।

তবে এই দিনই বিক্ষোভ সমাবেশ করেছে জয়পুরহাট ‘প্রেমবঞ্চিত সংঘ’ নামের একটি সংগঠনের সদস্যরা। সোমবার বিকেলে জয়পুরহাট সরকারি কলেজে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় বিক্ষোভে অংশগ্রহণকারীরা শ্লোগান দেন- ‘তুমি কে, আমি কে- বঞ্চিত, বঞ্চিত; কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না; দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়; প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’।

মিছিলটি জয়পুরহাট সরকারি কলেজ চত্বরের সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রেম বঞ্চিত সংঘের সভাপতি হামিদুর রহমান স্মরণ বলেন, আমরা প্রেমের বিরোধী নই। তবে ১৪ ফেব্রুয়ারি প্রেমের নামে যে ভণ্ডামি চলে তার প্রতিবাদ করছি। ভালোবাসার নামে দেশে যে শ্লীলতাহানির ছড়াছড়ি, এটা আমরা চাই না। একজনের একটাই প্রেম থাকবে, একের অধিক আমরা মেনে নেবো না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সংঘের সহসভাপতি আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, প্রচার সম্পাদক রনি হাসান, দপ্তর সম্পাদক রিফাত প্রমুখ।