বগুড়ার আদমদীঘিতে মাদক ব্যবসা ও সেবনের দায়ে পাঁচজনকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার ১৬ ফেব্রুয়ারী বিকেলে আদমদীঘির বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের জেল ও জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আদমদীঘির সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন জানান, গত বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য ব্যবসা ও সেবনের অপরাধে পাঁচজনকে আটক করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত অপরাধে আদমদীঘির নামাপোতা গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে রাকিব প্রামানিক (২৫), সান্তাহার বসুন্ধরা হাউজিং কলোনীর সেকেন্দার আলীর ছেলে রিপন হোসেন (২৬), লকু পশ্চিম কলোনীর জাহাঙ্গীর আলমের ছেলে বিপ্লব (৩২), বশিপুর পশ্চিম কলোনীর তৌফিক শফির উদ্দিনের ছেলে ছাব্বির হোসেন (২৬) ও নওগাঁর এনায়েতপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোহেল হোসেন (২৬) কে ৩ দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।