পিলখানা নৃশংস হত্যাকাণ্ডের বিচার হয়েছে, এটার রায় যথাযথভাবে কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বনানীস্থ সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই নৃশংস হত্যাকাণ্ড বিচার হয়েছে, এটার রায় যথাযথ কার্যকর করা হবে। আপনারা বিচারের জন্য যেভাবে ধৈর্য ধারণ করে আসছেন, এভাবে ধৈর্য ধারণ করবেন, আপনারা এ ঘটনার বিচার দেখতে পারবেন।

তিনি বলেন, আপনারা এটাও দেখেছেন বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার করতে অনেক সময় লেগেছে। তারপরও আজ আমরা স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছি। আমাদের থেকে কালো দাগ মুছে গেছে। আমাদের কপালে আর কালো দাগ নেই।

আমরা অবশেষে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। এভাবে নৃশংস ও হৃদয় বিদারক ঘটনা ঘটবে আমরা কল্পনাও করেনি। কতিপয় বিপথগামী বিডিআর সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে।