
বিএনপির আন্দোলনের বিকল্প হচ্ছে আগুন সন্ত্রাস, অপরাজনীতি আর গুজব তৈরি করা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (৮ মার্চ) সকালে তিনি তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।
তিনি বিএনপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, বিকল্প আন্দোলনের নামে দেশের সম্পদ ও জীবনহানি ঘটানোর অপপ্রয়াস জনগণ এবং সরকার মেনে নেবে না।
বিএনপির বিকল্প আন্দোলন হচ্ছে দেশ-বিদেশে গোপন বৈঠক আর ষড়যন্ত্র উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনবিচ্ছিন্ন এসব আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। কারণ মুজিব আদর্শের সৈনিকেরা রাজপথ ভয় পায় না।
আন্দোলনে বাধা দিলে বিএনপি নাকি বিকল্প পথে আন্দোলন করবে- এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা এ পর্যন্ত রাজপথে কোনো ধরনের আন্দোলনের ঢেউ তুলতে পারেনি তাদের বাধা দেয়ার দরকার হয় না। বিএনপি আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী মত দমাতে ভয়ংকর কেনো শক্তি কাজ করছে, বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসংগে সেই শক্তির পরিচয় জনসম্মুখে প্রকাশ করতে বিএনপি মহাসচিবের প্রতি আহবান জানান।
বিএনপি নেতারা বলছেন দেশে নাকি মতপ্রকাশের স্বাধীনতা নেই। ওবায়দুল কাদের এ বিষয়ে পরিস্কারভাবে বলেন, সরকারের সমালোচনার জন্য এপর্যন্ত একজন বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়নি। সুতরাং দেশে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে বিরাজমান।
সরকার ক্ষমতা, দাম্ভিকতা আর দুর্নীতির বৃত্ত তৈরি করেছে, মির্জা ফখরুলের এই অবান্তর অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ কথাগুলো বিএনপির শাসনামলের জন্যই চির সত্য।
বিএনপিই এদেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়েছিলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার অপব্যবহারের মহোৎসব তাদের শাসনামলে হয়েছিলে আর হাওয়া ভবন নামে বিকল্প ক্ষমতাকেন্দ্র তৈরি করেছিলে।
শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে এগিয়ে নিতে অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে অথচ বিএনপি কোনো সহযোগিতা না করে অপরাজনীতির মাধ্যমে গণতন্ত্রের এগিয়ে যাওয়ার গতিকে বারবার থামিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপির অগণতান্ত্রিক আচরণ ও রাজনীতি এদেশের গণতন্ত্রের চলমান ধারাকে বিঘ্নিত করছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।