জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর:–ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে সয়াবিন তেল মজুদ রাখার সংবাদ পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর নেতৃত্বে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

 

১০ মে সকালে ভোজ্য তেলের বাজার নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বাজারের বিভিন্ন তেলের আড়তে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান পরিচালনাকালে, অতিরিক্ত লাভের আশায় অবৈধ পন্থায় ভোজ্যতেল বিক্রয়ের আলামত উদঘাটিত হওয়ায় জাহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভোজ্যতেল বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

 

লিটন ঢালী জানান, ফরিদপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অতুল সরকার স্যারের নির্দেশনামতে আজ সকাল ১১ টায় ফরিদপুর সদর উপজেলাধীন কানাইপুর বাজারে RAB ও পুলিশের সহায়তায় আমরা এ অভিযান পরিচালনা করি। এ সময় একজনকে জরিমানা করা হয় এবং অন্য তেল ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

 

অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে জানান ইউএনও।