প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী
শিশু-কিশোরদের খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী ঢাকায় বসবাস করা শিশুদের খেলাধুলার প্রতি বিশেষ নজর দেয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা শহরে খেলার সুযোগ কম। ফ্ল্যাটে বাস করে শিশুরা ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে। তাই তাদের বাবা-মায়েদের উচিত এমন ব্যবস্থা করা, যাতে তাদের ছেলেমেয়েরা হাত-পা ছুড়ে খেলতে পারে।
বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের দিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে। বুধবার (১১ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুষ্ঠানের আয়োজন করে।
সরকার প্রধান বলেন, এখন তো মোবাইল ফোন, ল্যাপটপ, আইপ্যাড এগুলো ব্যবহার করে সারাক্ষণ ওর মধ্যে পড়ে থাকা, এটা আসলে মানসিকভাবে, শারীরিকভাবে সুস্থতার লক্ষণ না। সেজন্যই বাবা-মা, যারা গার্ডিয়ান, অভিভাবক- তাদেরকে আমি অনুরোধ করব কিছু সময়ের জন্য হলেও ছেলে মেয়েরা যাতে হাত-পা ছোঁড়ে খেলতে পারে সেটা আপনাদের উদ্যোগ নেয়া উচিত।
প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ খেলাগুলো আবারও চালু করার ব্যবস্থা নিতে হবে। আমরা এ বিষয়ে সহায়তা করছি। আমরা চাই, আমাদের এ খেলাগুলো আরও এগিয়ে যাক।’
শেখ হাসিনা বলেন, ‘প্রত্যেক এলাকায় খেলার মাঠ থাকা একান্তভাবে প্রয়োজন। ইতিমধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছে যেখানে খালি জায়গা পাচ্ছি, খেলার মাঠ করে দিচ্ছি।’
দেশের প্রতিটি উপজেলায় ছোটো পরিসরে খেলার মাঠ নির্মাণে সরকারের নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। কিন্তু নির্মাণ কাজে সময়ক্ষেপণ হচ্ছে বলে সতর্ক করেন তিনি। তিনি বলেন, ‘সারাদেশে প্রত্যেক উপজেলায় খেলার মাঠ, সেই খেলার মাঠগুলো খুব বড় স্টেডিয়াম না, ছোটো করে, মিনি স্টেডিয়াম আমি নাম দিয়েছি। কাজেই সেটার নির্মাণকাজ চলছে। এটা সময় নিচ্ছে, আমি মনে করি এটা আরও দ্রুত শেষ করা দরকার। এপর্যন্ত ১৮৬টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হয়েছে।’
আরও ১৭১টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘তবে আমি মনে করি, এ বিষয়ে যথেষ্ট সময় নেওয়া হচ্ছে, যাতে আর সময় নেওয়া না হয় সেটা দেখতে হবে। খেলাধুলাকে এক ধরনের শরীরচর্চা উল্লেখ করে তিনি বলেন, ‘এতে শারীরিক, মানসিকভাবেও আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট উন্নত হবে।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।