কৃষকদের সরকারি প্রণোদনা ও কৃষিসেবা সহজে পৌঁছে দিতে চালু হওয়া কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর ফুলগাজী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এর অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নেও এ কর্মসূচি চালু করা হয়েছে।

এ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী। নারগুন ইউনিয়নে প্রাথমিকভাবে প্রায় ৪ হাজার ১০০ কৃষককে কৃষক কার্ডের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে চুড়ান্ত হয়েছে ২ হাজার ৮২৬ জনের।

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় উদ্বোধনী দিনে সারাদেশের প্রায় এক লাখ কৃষককে আড়াই হাজার টাকা করে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ কেনার জন্য সরকারি সহায়তা দেওয়া হবে। পাশাপাশি পর্যায়ক্রমে কৃষিঋণ, কৃষি উপকরণে ভর্তুকি, প্রশিক্ষণ ও অন্যান্য কৃষিসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কৃষকদের সরকারি সহায়তা সরাসরি পৌঁছে দেওয়া, কৃষি খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কৃষকদের তথ্যভিত্তিক ডেটাবেজ তৈরির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।