ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, গুলশান-বনানী-বারিধারার মতো এলাকায় বাড়ির পয়োবর্জ্য কাছের লেকে গিয়ে মেশে।

এই অপব্যবস্থাপনা চলতে দেওয়া যাবে না। বাসাবাড়ির পয়োবর্জ্যের ব্যবস্থাপনার দায়িত্ব বাড়ির মালিকদের নিতে হবে। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘টয়লেট দিবস’ উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন ডিএনসিসির মেয়র।

গোলটেবিল আয়োজন করে বেসরকারি সংগঠন ‘ভূমিজ’। আগামীকাল শুক্রবার ‘টয়লেট দিবস’ পালিত হবে। মেয়র আতিকুল বলেন, ছয় মাসের মধ্যে প্রত্যেকটি বাড়িতে সেপটিক ট্যাংকের ব্যবস্থা করতে হবে।

না করলে জরিমানা করা হবে। লেকের পানি নষ্ট হবে, এটা মেনে নেওয়া যায় না। ডিএনসিসি মেয়র আরও বলেন, ‘ঢাকা শহরে নতুন টয়লেট বানানোর ক্ষেত্রে আমাদের আগ্রহ আছে। কিন্তু আমাদের হাতে পর্যাপ্ত জমি নেই। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’