পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বসছে প্রথম ইউনিটের বহুল প্রতীক্ষিত পারমাণবিক চুল্লি ‘নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেসার ভেসেল’। এটাকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের হৃৎপিণ্ড বলা হয়। আগামীকাল রোববার (১০ অক্টোবর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের এটি উদ্বোধন করবেন।

শনিবার (৯ অক্টোবর) বিকেলে পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস প্রধানমন্ত্রীর উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন।

রোসাটম (রাশিয়ান এটোমিক এনার্জি সংস্থা) ও প্রকল্প সূত্রে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য এই ‘রিঅ্যাক্টর প্রেশার ভেসেল’টি রাশিয়া থেকে পানিপথে ১৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে গত বছরের অক্টোবরে দেশে পৌঁছেছে। সেটি স্থাপনের জন্য এক বছর প্রয়োজনীয় বিভিন্ন অবকাঠামো প্রস্তুত করা হয়। ‘রিঅ্যাক্টর প্রেসার ভেসেল’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যেখানে মূল জ্বালানি থাকবে।

আরও জানা যায়, পারমাণবিক চুল্লির পাত্রটির ওজন ৩৩৩.৬ টন। এই চুল্লি কৃষ্ণসাগর ও সুয়েজ খাল পাড়ি দিয়ে মংলা বন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে নৌপথে ঈশ্বরদীর পাকশীর পদ্মানদী হয়ে রূপপুরে আনা হয়েছে।

পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন জানান, চুল্লি উদ্বোধনের জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে এ প্রকল্পটি বাস্তবায়নের অঙ্গীকার করে। ২০১০ সালে রাশিয়ার সঙ্গে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট হয়।

একই বছর জাতীয় সংসদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব গ্রহণ করা হয়। ২০১২ সালে বাংলাদেশ অ্যাটোমিক এনার্জি রেগুলেটরি অ্যাক্ট পাস করা হয়। ২০১৩ সালে এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ধাপে ধাপে প্রকল্পটি এখন আলোর মুখ দেখতে যাচ্ছে।