জার্মানির বায়ার্ন মিউনিখের স্টেডিয়ামে স্টুডেন্ট জব করতে গিয়ে প্রথম পরিচয় হয় বেলারুশের মেয়ে নাতালিয়া রহমান নাতাশা ও বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজলার সন্তান প্রকৌশলী হাবিবুর রহমান হাবিবের। পরিচয় থেকে মন জয়। এরপর হাবিব-নাতালিয়ার প্রণয়। ২০১৭ সালে ধর্মীয়ভাবে বিয়ের পর আবার ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর জার্মানির নিয়মনীতি মেনে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়।

বর্তমানে কর্মসূত্রে এই দম্পতি জার্মানির পূর্বাঞ্চলের সাক্সনি অঙ্গরাজ্যের কেমনিজ শহরে থাকেন। তাদের সংসারে নাদিয়া নামে এক কন্যাসন্তান রয়েছে। একজন ভিনদেশির মন কীভাবে জয় করে নিলেন প্রশ্নে হাবিব বলেন, বাঙালি নামের মতো লাগায় নাতালিয়াকে নাতাশা বলে ডাকতাম।

নাতাশা যদিও ইউরোপিয়ান নারী কিন্তু যখন প্রথমবার ওর সাথে কথা বলেছি, তার ভেতরটা জানার চেষ্টা করেছি। তখন দেখেছি তার চিন্তা-ভাবনা বাঙালি নারীর মতই। তার চিন্তা, ভাবনাগুলো আমাদের সাথে মিলে যাচ্ছে। সবাই নাতাশাকে বিদেশিনী ভাবেন কিন্তু সে আমার বউ, সহধর্মিনী। তাকে আমার কাছে বিদেশিনী লাগে না।

বেলারুশের নারী নাতালিয়া রহমান নাতাশা বলেন, হাবিব খুবই বড় হৃদয়ের মানুষ ও দয়ালু। সে বিদেশে থেকেও তার বাংলাদেশি পরিবারের জন্য অনেক টাকা খরচ করে। বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। সবচেয়ে বড় কথা আমাকে অনেক অনেক ভালোবাসে হাবীব। তার মধ্যে অনেক সম্ভাবনা দেখতে পেয়েছিলাম।

বাংলাদেশি মানুষও অনেক ভালো, অতিথিপরায়ণ ও দয়ালু। তবে বাংলাদেশি বউ হওয়া কষ্টের, অনেক ধৈর্যের বলে জানান নাতালিয়া। এ দেশে অনেক মানুষ, অনেক কালচারাল এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে যেতে হয়। নাতাশার মন জয় করে নেয়ায় হাবিবের প্রেমে পড়ে নাতাশা এখন বাঙালিবধূ। তার কপালে টিপ, জাতীয় মাছ নাতাশার প্রিয় মাছ। বাঙালি খিচুড়ি তার পছন্দের খাবার।

সম্প্রতি বাংলাদেশে এসেছেন নাতালিয়া-হাবিব দম্পতি। বিদেশে হাবিবকে যেভাবে দেখেছেন নাতাশা, বাংলাদেশকেও সেভাবে দেখতে পাচ্ছেন নাতাশা। ভিনদেশি নারী নাতালিয়া বলেন, আমাকে পরিবারের সবাই প্রিন্সেসের মতো ট্রিট করছে। সবাই খুব দ্রুত আমাকে আপন করে নিয়েছে। আমাদের বেলারুশের গ্রামগুলো অনেক ছোট। তাই এভাবে উপভোগ করতে পারি নাই। এখানে সবার ব্যবহারে আমি মুগ্ধ।

২০১২ সালে জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখে মাস্টার্স করার জন্য যান। বর্তমানে তিনি জার্মান ইঞ্জিনিয়ারিং কন্সাল্টিং ফার্মে ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। আর বেলারুশের রাজধানী মিনস্কের কাছাকাছি শহর বাবরুস্কের মেয়ে নাতালিয়া রহমান। তিনি পেশায় একজন ফার্মাসিস্ট।সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মিক্স দম্পতি বাংলাদেশি হাবিব ও বেলারুশের নাতালিয়া। ‘নাতালিয়া অ্যান্ড হাবিব-দ্য মিক্স ম্যাচ ফ্যামিলি’ নামে ইউটিউব চ্যানেল ও ‘নাতালিয়া অ্যান্ড হাবিব’ নামে ফেসবুক পেজ রয়েছে মিক্স দম্পতি বাংলাদেশি হাবিব ও বেলারুশের নাতালিয়ার।