পথের বেওয়ারিশ কুকুরগুলো যেন খুঁজে পেয়েছে আপন ঠিকানা। মানুষের মতো নিয়মিত মিলছে তিন বেলা খাবার। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ৫ থেকে ৬টি কুকুর একসঙ্গে জড়ো হয় আর সেই কুকুরগুলোর খাদ্য জোগান দেন সিরাজগঞ্জের চৌহালি উপজেলার সদ্য বিদায়ী ইউএনও ও বর্তমান কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। কুকুরগুলোর খাবারের তালিকায় থাকে পাউরুটি, বিস্কুট অথবা স্থানীয়ভাবে সহজলভ্য যা পাওয়া যায়।

স্বামী বিবেকানন্দের অমর বাণী— ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’। এই বাণীটি যেন সত্যি হয়ে উঠেছে কুকুরের প্রতি ইউএনও মোস্তাফিজুর রহমানের ব্যতিক্রম ভালোবাসায়। দীর্ঘদিন ধরে অবহেলিত পথশিশু কুকুরদের নিয়মিত খাবার দিয়ে তিনি গড়ে তুলেছেন মানবতার এক উজ্জ্বল নজির, যা স্থানীয়দের হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে।

বর্তমানে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা এই প্রাণীপ্রেমী কর্মকর্তার এমন মানবিক আচরণ এসেছে ছোটবেলার অভ্যাস থেকে। তখন থেকেই পশুপাখির প্রতি ছিল তার অনন্য ভালোবাসা। চলার পথে কোথাও কুকুর বা বিড়ালের দেখা পেলেই খাবার কিনে খাওয়ানো ছিল তার অভ্যাস।

বিভিন্ন সময়ে বাজারের দোকানপাট, হোটেল-রেস্তোরাঁ বন্ধ হলে খাবারের অভাবে বিপাকে পড়ে পথের কুকুরগুলো। ঠিক তখনই তাদের পাশে দাঁড়ান ইউএনও। করোনার লকডাউনের সময় যখন মৃত্যুভয়ে সবাই ঘরবন্দি, বাজার বন্ধ—তখন তিনি কক্সবাজারে দায়িত্ব পালন করাকালীন নিজ বাসায় রান্না করে কক্সবাজার বিচের কুকুরগুলোর জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা করতেন।

শুধু খাবার নয়, কোনো কুকুর অসুস্থ হলে কিংবা কেউ আঘাত করলে, তার চিকিৎসার ব্যবস্থাও করে দেন তিনি। কুকুরের গায়ে ক্ষত, ঘাঁ বা অসুস্থতার লক্ষণ দেখা মাত্র নিজের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা করান এই মানবিক কর্মকর্তা।

শুরুর দিকে পরিবারের কেউ কেউ তার এই উদ্যোগ পছন্দ না করলেও এখন তারাই প্রশংসা করেন। শুধু শুভাকাঙ্ক্ষী নন, বিভিন্ন সময় তার বন্ধুরাও এই উদ্যোগে সহযোগিতা করছেন বলে জানিয়েছেন ইউএনও মোস্তাফিজুর রহমান।

নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, “ছোটবেলা থেকেই পোষা প্রাণীদের ভালোবাসি। বাজারে খাদ্য সংকটে থাকা কুকুরগুলোকে যতটুকু পারি খাওয়ানোর চেষ্টা করি। এখান থেকেই ওদের প্রতি ভালোবাসা আরও গভীর হয়েছে। এমনকি এখন দাপ্তরিক কাজে বাইরে গেলে এই কুকুরগুলোর কথা মনে পড়ে—ওদেরকে আজ কে খাওয়াবে?”

স্থানীয়রা বলেন, “মানুষ শুধু মানুষের জন্য নয়, অন্য জীবের জন্যও মানুষ। ইউএনও মোস্তাফিজুর রহমানের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা সবাই যদি তার মতো প্রাণীদের ভালোবাসতাম, পৃথিবী আরও সুন্দর হতো। আমাদের দায়িত্ব—এমন প্রাণীপ্রেমী মানুষের পাশে দাঁড়ানো।”