সংসদীয় কমিটিতে দেওয়া বিমানের এক প্রতিবেদন থেকে জানা যায়, বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে সর্বশেষ ছয় মাসের ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩ লাখ ৪১ হাজার ৪৮২টি আসন ফাঁকা ছিল। যা এই সময়ে বিমানের মোট আসনের ২৩ শতাংশ। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, এত সংখ্যক আসন খালি থাকাটা উদ্বেগের।
গত ৬ মাসে দেশের পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুটে টিকিট বিক্রি না হওয়ার কারণ ও টিকেট বিক্রি সম্পর্কিত তথ্য চেয়েছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণলায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গত মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন দেয় বিমান।
বিমানের প্রতিবেদনে ৬৮টি গন্তব্যের ৬ মাসের আসন ফাঁকা থাকার তথ্য জানিয়ে বলা হয়, গত জুন থেকে নভেম্বর ৬ মাসে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে বিমানের মোট আসন ছিল ১৪ লাখ ৭৭ হাজার ৪৫৬টি। এর মধ্যে আসন বুকড ছিল ১১ লাখ ৩৫ হাজার ৯৭৪টি।
বাকি ৩ লাখ ৪১ হাজার ৪৮২টি আসন ছিল ফাঁকা। সব মিলিয়ে আসন ফাঁকা ছিল ২৩ শতাংশ। অবশ্য সব রুটে আসন ফাঁকা থাকার চিত্র এক রকম নয়। কোনো কোনো রুটে আসন ফাঁকা ছিল সামান্য। আবার কোনো কোনো রুটে অর্ধেকের বেশি আসন ফাঁকা ছিল।
ঢাকা থেকে চীনের গোয়াংযু রুটে বিমানের ফ্লাইটে গত ৬ মাসে মোট আসন ছিল ২ হাজার ৬৭৫টি। এরমধ্যে যাত্রী ছিল ১ হাজার ৩৭টিতে। বাকি ১ হাজার ৬৩৮টি আসন ছিল ফাঁকা। অর্থাৎ এই গন্তব্যে বিমানের ৬১ শতাংশ আসনই ফাঁকা ছিল।
মাসকাট থেকে ঢাকা পথে বিমানের মোট আসন ছিল ১৭ হাজার ৬৬৫টি। এরমধ্যে ৯ হাজার ২৮৫টি আসন বা ৫৩ শতাংশ আসন ছিল ফাঁকা। আবুধাবি থেকে ঢাকা পথে বিমানের মোট আসনের ৪৫ শতাংশ ছিল ফাঁকা। অন্যদিকে ঢাকা থেকে মাসকাট, চট্টগ্রাম থেকে মাসকাট, ঢাকা থেকে রিয়াদ, চট্টগ্রাম থেকে জেদ্দা এসব ফ্লাইট ছিল অনেকটা পরিপূর্ণ। এসব ফ্লাইটে ৮০ থেকে ৯০ শতাংশ আসনে যাত্রী ছিল।
সংসদীয় কমিটিতে উপস্থাপিত বিমানের প্রতিবেদনে বলা হয়, বিমান কখনোই টিকিট বিক্রি সেবা বন্ধ রাখেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও বৈদেশিক স্টেশনগুলোতে নিজস্ব বিক্রয়কেন্দ্র থেকে বিমানের কর্মীদের মাধ্যমে টিকিট সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া, গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম (পিএসএস) পরিবর্তনের কারণে গত বছরের ৯ আগস্ট থেকে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েবসাইটে টিকিট বিক্রি সেবা বন্ধ রাখে।
গত ২৭ ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইটে টিকিট বিক্রি আবার শুরু হয়। ওয়েবসাইটে টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ হওয়ার আগে বিমান তার বিক্রিত টিকেটের খুব সামান্য (৪ দশমিক ৫০ শতাংশ) ওয়েবসাইটের মাধ্যমে বিক্রয় করত।
তবে বিমানের আসন খালি থাকার কোনো সুনির্দিষ্ট কারণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নব নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিইও শফিউল আজিম বলেন, ‘ক্যাভিন ফ্যাক্টর মানে মোট আসনের কতটুকু ব্যবহার করা হবে। এটার লক্ষ্যমাত্রা ছিল ৭৪ শতাংশ, সেখানে বিমান অর্জন করেছে ৭৭ শতাংশ।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।