
রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় এক সংখ্যালঘু পরিবারের ওপর ভয়াবহ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ক্রমাগত হুমকির মুখে থাকা গৌরী রাণী দাসের পরিবার গত ৬ আগস্ট রাতে এই নৃশংস হামলার শিকার হয়।
হামলায় বৃদ্ধা গৌরী রাণী দাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি ঘরবাড়ি তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী পরিবার ও ঘটনার সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট রাত ৯টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত আচমকা জোরপূর্বক গৌরী রাণী দাসের বাড়িতে প্রবেশ করে। হামলাকারীদের হাতে লাঠিসোটা ও ধারালো দেশীয় অস্ত্র ছিল। বাড়িতে ঢুকেই তারা তাণ্ডব শুরু করে। লুটপাটে বাধা দিতে গেলে তারা বৃদ্ধা গৌরী রাণীকে প্রচণ্ড আঘাত করে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এ সময় হামলাকারীরা ওই পরিবারটিকে ধর্মীয় পরিচয়ের কারণে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তারা ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
সরেজমিনে ওই বাসায় গিয়ে দেখা যায়, হামলার চিহ্ন এখনো দগদগে। ঘরের ভেতর থাকা টেলিভিশন, ফ্রিজ, আলমারি ও জানালার থাই গ্লাস ভেঙে চুরমার করা হয়েছে। আসবাবপত্র তছনছ অবস্থায় পড়ে আছে। কাঁচের কোনো জিনিস আর আস্ত নেই। পুরো বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে গৌরী রাণী দাস বলেন, “আমরা এই মুহূর্তে কী করব, কোথায় যাব—কিছুই ভেবে পাচ্ছি না। যেভাবে ভাঙচুর করেছে, ঘরের মধ্যে থাকার মতো অবস্থা নেই। আর কত সহ্য করব? বয়স হয়েছে, এখন আর এসব ধকল সামলাতে পারছি না বাবা।”
ঘটনার সময় উপস্থিত এক বৃদ্ধ প্রত্যক্ষদর্শী আক্ষেপ করে বলেন, “এই পরিবারটির ওপর চরম অন্যায় করা হয়েছে। যারা এমন নিষ্ঠুরতার সাথে জড়িত, তাদের অবিলম্বে আইনের আওতায় আনা উচিত।”
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে মিরপুর অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) ওমর ফারুক বলেন, “হামলায় কারা জড়িত তা তদন্ত করে দেখা হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে, সে জন্য পুলিশ সজাগ রয়েছে।”
শেখ হাসিনার সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে অস্থিরতা তৈরি হয়েছে, মিরপুরের এই ঘটনাটি তারই এক করুণ চিত্র। বর্তমানে গৌরী রাণী ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতা ও মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।