নিজস্ব প্রতিনিধি: যশোর জেলার ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা।
২৯ ডিসেম্বর(সোমবার) সকাল থেকে তীব্র শীত উপেক্ষা করে প্রার্থী ও তাদের নেতাকর্মীরা মণিরামপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন এবং নির্ধারিত সময়ে নিজ নিজ আসনের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।
যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির রশীদ আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদীন, স্বতন্ত্র কামরুজ্জামান, জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক, স্বতন্ত্র শহীদ ইকবাল হোসেন, জাতীয় পার্টির এম এ হালিম, স্বতন্ত্র এবিএম গোলাম মোস্তফা ও স্বতন্ত্র নজরুল ইসলাম মনোনয়ন দাখিল করেছেন।
উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা গণমাধ্যম কর্মীদের কাছে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন পাশাপাশি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।