রাত পোহালেই ১৫ জুন (বুধবার) দিনাজপুরের খানসামায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চেয়ারম্যান পদে উপজেলা পরিষদ উপ-নির্বাচন। নির্বাচন নিয়ে জনমনে উৎফুল্ল পরিবেশ বিরাজ করছে।
কে হতে যাচ্ছেন এবারের চেয়ারম্যান-এ নিয়ে সমগ্র উপজেলায় আলোচনার ঝড় বইছে।প্রচার-প্রচারণা শেষ হয়েছে গতকাল। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে অনেক প্রার্থীরা।
সচেতন মহল মনে করেন, প্রশাসন ও প্রার্থীদের যৌথ প্রয়াসে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। এদিকে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
খানসামা উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক দৈনিক নাগরিক ভাবনাকে বলেন, আগামীকালের খানসামা উপজেলা পরিষদের উপ-নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি শেষ হয়েছে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ করতে আনসার, পুলিশ ও বিজিবির পাশাপাশি ৬ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
তিনি আরো জানান, এবার ৬টি ইউনিয়নের ৫২ ভোটকেন্দ্রের বুথে ভোটগ্রহণ হবে। সব ভোটকেন্দ্রে নিরাপদভাবে ব্যালট বক্স পাঠানো হয়েছে। আশা করছি ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকবে এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
খানসামা থানার অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেন বলেন, নির্বাচনে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অপতৎপরতা, অরাজকতা মোকাবিলা করতে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সোচ্চার থাকবে।
এই উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন-শফিউল আজম চৌধুরী লায়ন (নৌকা), সহিদুজ্জামান শাহ্ (আনারস), শরিফুল ইসলাম প্রধান (মোটরসাইকেল),ও শাহ্ মোহাম্মদ আব্বাস আরেফিন (উড়োজাহাজ)।
প্রসঙ্গত,গত ২৪ ফেব্রুয়ারী অসুস্থতাজনিত কারনে খানসামা উপজেলা চেয়ারম্যান মো. আবু হাতেমের মৃত্যুতে গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য হয়। শূন্যে থাকা এই গুরুত্বপূর্ণ পথটি পুনরায় সচল রাখতেই এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।