জাতীয় সংসদের হুইপ পদে নিয়োগ পেয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বকুলের এ অর্জনের মধ্য দিয়ে বিএনপির দলীয় নেতাকর্মীরাসহ খুলনাবাসী আনন্দিত।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ হুইপ অধ্যাদেশ ১৯৭২-এর আর্টিকেল ৩(১)-এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নিম্নবর্ণিত সংসদ-সদস্যগণকে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ নিয়োগ করিলেন।

বকুলসহ নিয়োগপ্রাপ্ত হুইপরা হলেন মো. জি কে গউছ (২৪১ হবিগঞ্জ-৩), রকিবুল ইসলাম বকুল (১০১ খুলনা-৩), মিয়া নুরউদ্দিন আহমেদ অপু (২২৩ শরীয়তপুর-৩), এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (৫৯ নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া (৯ দিনাজপুর-৪), এ বি এম আশরাফ উদ্দিন নিজাম (২৭৭ লক্ষ্মীপুর-৪)।

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহম্মেদ সুমন বাংলা নিউজকে বলেন, জননন্দিত নেতা রকিবুল ইসলাম বকুল ভাইকে জাতীয় সংসদের হুইপ ঘোষণায় আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি অবহেলিত খুলনার  শিল্পাঞ্চলকে পুনরায় কর্মচঞ্চল করে তোলা এবং স্থানীয় যুব সমাজের জন্য দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শিল্পনগরী খুলনার পুরোনো ঐতিহ্য বকুল ভাইয়ের হাত ধরে ফিরে আসবে।