স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান কথা শুনেছি। অবশ্যই তার ক্লু খুঁজে বের করা হবে। এ বিষয়য়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

বুধবার (১৬ জুন) দুপুরে গাজীপুরে সফিপুরে আনসার ও ভি‌ডি‌পি একাডেমীতে নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার পুরুষের মৌ‌লিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বার হোক আর রিসোর্ট হোক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সচিব সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমসহ বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, কমান্ডেট, উপ-পরিচালক, সদর দপ্তর ও একাডেমীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৬ মাস মেয়াদী মৌ‌লিক প্রশিক্ষণ শেষে ৯৭৯ জন ব্যাটালিয়ন আনসার সদস্য সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। কুচকাওয়াজ প্রদর্শন শেষে চৌকস তিন আনসার ব্যাটালিয়ন সদস্যকে পুরস্কার প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে বাহিনীর সুনাম এবং ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করে আপনারা দেশ এবং জাতির সার্বিক উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবেন।