
বঙ্গবন্ধু! এ বাঙালি জাতির পিতা। নাম তার শেখ মুজিবুর রহমান। চক্ষু আড়ালে প্রায় চার যুগের বেশি সময়। তবু তার কথামালায় এখনো এদেশ ও বিশ্বস্মরণীয় তিনি। বঙ্গবন্ধু বাংলাদেশের রাজনীতিতে ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। ছাত্র রাজনীতির শুরুর পর থেকে ’৭৫-এর ১৫ আগস্ট মৃত্যুর আগ পর্যন্ত দেশ গঠনে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে।
দেশ ও দেশের মানুষের অধিকার আদায় আন্দোলনে বিভিন্ন সময় নির্যাতন ও বহুমুখী ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কারাবাসে কাটিয়েছেন জীবনের গুরুত্বপূর্ণ সময়। স্বার্থহীন রাজনীতির এই দীর্ঘ সময়ে মঞ্চ কিংবা মঞ্চের বইরে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দিয়েছেন বাস্তবমুখী বক্তব্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথামালা ও বিভিন্ন দিকনির্দেশনামূলক সেই বক্তব্যই আজ বিশ্বস্মরণীয়। প্রতিটি রাজনীতিবিদ, আমলা, আইনশৃঙ্খলা বাহিনী, তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষের উন্নত জীবন গঠনে কার্যকর ভূমিকা রাখে।
১৯৭১ সালের ৭ মার্চ। ঐতিহাসিক ওই দিনে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রমনা রেসকোর্স ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জনসভায় ঐতিহাসিক ভাষণে জাতিকে স্বাধীনতার ডাক দেন। সেদিন তিনি বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করেন— ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ তিনি আরও বলেছিলেন, ‘মরতে যখন শিখেছি তখন কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না।’ বঙ্গবন্ধুর ওই দৃপ্ত উচ্চারণধ্বনি পাকিস্তানের নিষ্পেষণ থেকে বাঙালির মুক্তির মূলমন্ত্র। সত্যিকারের মহানায়ক শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনকথা। শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’তে অনেক কথার ফাঁকে তিনি ছাত্রনেতা এবং সাধারণ ছাত্রদের উদ্দেশে লিখেছেন, ‘আদর্শহীন রাজনীতি দেশ এবং দেশের মানুষকে কিছুই দিতে পারে না।’
বঙ্গবন্ধু বলছেন, ‘মানুষকে ভালোবাসলে মানুষও ভালোবাসে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন, তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে। এই ভালোবাসা বঙ্গবন্ধু অর্জন করেছিলেন মানুষের পথে হেঁটে হেঁটে। দীর্ঘ রাজনৈতিক জীবনের তিনিই উপলব্ধি করতে পেরেছিলেন, মানুষের ভালোবাসার কাছে ক্ষমতা কিছুই নয়। তাই বঙ্গবন্ধু বলতেন, ‘প্রধানমন্ত্রী হবার কোনো ইচ্ছা আমার নেই। প্রধানমন্ত্রী আসে এবং যায়। কিন্তু, যে ভালোবাসা ও সম্মান দেশবাসী আমাকে দিয়েছেন, তা আমি সারা জীবন মনে রাখবো। আমার সবচেয়ে বড় শক্তি আমার দেশের মানুষকে ভালোবাসি। সবচেয়ে বড় দুর্বলতা আমি তাদেরকে খুব বেশি ভালোবাসি। দেশ থেকে সর্বপ্রকার অন্যায়-অবিচার ও শোষণ উচ্ছেদ করার জন্য দরকার হলে আমি আমার জীবন উৎসর্গ করবো। সত্যিই বঙ্গবন্ধুর দেশ ও দেশের মানুষের প্রতি দরদ ছিলো আকাশস্পর্শী। তাই তিনি বলতেন, আমি সাত কোটি বাঙালির ভালোবাসার কাঙাল। আমি সব হারাতে পারি, কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারবো না।’
স্বাধীনতার আগে ও পরে প্রতিটি বাঙালির খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসাসেবা ও ভোটের অধিকার আদায় করতে রাত-দিন আন্দোলন সংগ্রাম করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই তিনি বলতেন, ‘এই স্বাধীন দেশে মানুষ যখন পেট ভরে খেতে পাবে, মর্যাদাপূর্ণ জীবন পাবে, তখনই শুধু এই লাখো শহীদের আত্মা তৃপ্তি পাবে। দেশ থেকে সর্বপ্রকার অন্যায়, অবিচার ও শোষণ উচ্ছেদ করার জন্য দরকার হলে আমি আমার জীবন উৎসর্গ করব।’ বঙ্গবন্ধু বলতেন, ‘আমি যদি বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে না পারি, আমি যদি দেখি বাংলার মানুষ দুঃখী, আর যদি দেখি বাংলার মানুষ পেট ভরে খায় নাই, তাহলে আমি শান্তিতে মরতে পারব না।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, ‘আমার এ স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে, যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা-বোনেরা কাপড় না পায়।
এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ যারা আমার যুবক শ্রেণি আছে, তারা চাকরি না পায় বা কাজ না পায়। সদ্য স্বাধীন দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি করতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বুঝতে পারতেন স্বাধীন দেশের উন্নয়ন ও মানুষের খাদ্য নিশ্চিত করতে হলে কৃষিকে আরও গুরুত্ব দিতে হবে। তাই তিনি বলেছিলেন, আমাদের চাষিরা হলো সবচেয়ে দুঃখী ও নির্যাতিত। তাদের অবস্থার উন্নতির জন্যে আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পেছনে নিয়োজিত করতে হবে। জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। এই কথা মনে রাখতে হবে। আমি বা আপনারা সবাই মৃত্যুর পর সামান্য কয়েক গজ কাপড় ছাড়া সাথে আর কিছুই নিয়ে যাবো না। তবে কেন আপনারা মানুষকে শোষণ করবেন, মানুষের উপর অত্যাচার করবেন? দেশের সাধারণ মানুষ, যারা আজও দুঃখী, যারা আজও নিরন্তর সংগ্রাম করে বেঁচে আছে, তাদের হাসি-কান্না, সুখ-দুঃখকে শিল্প-সাহিত্য-সংস্কৃতির উপজীব্য করার জন্য শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের ভাগ্যোন্নয়নের কাজে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
দেশ ও দেশের মানুষের অধিকার আদায় আন্দোলনে বিভিন্ন সময় নির্যাতন ও বহুমুখী ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কারাবাসে কাটিয়েছেন জীবনের গুরুত্বপূর্ণ সময়। তবুও তিনি হাল ছেড়ে দেননি। বঙ্গবন্ধু অনুধাবন করতেন, সঠিক ও নায্য অধিকার আদায়ের জন্য জনগণকে সংঘবদ্ধ করে আন্দোলনমুখী করতে হবে। তাই তিনি বলেছেন, জনগণকে ছাড়া, জনগণকে সংঘবদ্ধ না করে, জনগণকে আন্দোলনমুখী না করে এবং পরিষ্কার আদর্শ সামনে না রেখে কোনোরকম গণআন্দোলন হতে পারে না। গণআন্দোলন ছাড়া, গণবিপ্লব হয় না। আন্দোলন মুখ দিয়ে বললেই করা যায় না। আন্দোলনের জন্য জনমত সৃষ্টি করতে হয়। আন্দোলনের জন্য আদর্শ থাকতে হয়। আন্দোলনের জন্য নিঃস্বার্থ কর্মী হতে হয়।
ত্যাগী মানুষ থাকা দরকার। আর সর্বোপরি জনগণের সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধ সমর্থন থাকা দরকার। বাঙালির অধিকার আদায়ের আন্দোলন সংগ্রমের নীতির পথে সবসময় অটুট থেকেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশেষ করে মাঠের আন্দোলনে তিনি উপলব্ধি করতেন, অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের সাথে কোনো দিন একসাথে হয়ে দেশের কাজে নামতে নেই। তাতে দেশসেবার চেয়ে দেশের ও জনগণের সর্বনাশই বেশি হয়। তিনি আরও বলতেন, ‘তুমি কোনো ভদ্রলোকের সাথে খেলবে তখন তোমাকে ভদ্রলোক হতে হবে, যখন তুমি কোনো বেজন্মার সাথে খেলবে তখন অবশ্যই তোমাকে তার চাইতে বড় বেজন্মা হতে হবে। নচেত পরাজয় নিশ্চিত।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, ‘ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ। মুসলমান তার ধর্মকর্ম করবে। হিন্দু তার ধর্মকর্ম করবে। বৌদ্ধ তার ধর্মকর্ম করবে। কেউ কাউকে বাধা দিতে পারবে না। সামপ্রদায়িকতা যেনো কোনোদিন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।’ বঙ্গবন্ধু বলেছেন, ‘সরকারি কর্মচারীরা জনগণের খাদেম, সেবক, ভাই। তাই তাদের জনগণের সাথে মিশে যেতে হবে। তারা জনগণের বাপ, জনগণের ছেলে, জনগণের সন্তান। তাদের এই মনোভাব নিয়ে কাজ করতে হবে।’ বঙ্গবন্ধু সমস্ত সরকারি কর্মচারীকেই অনুরোধ করে আরও বলতেন, ‘যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন। গরিবের উপর অত্যাচার করলে আল্লাহর কাছে তার জবাব দিতে হবে।’ এই হলেন বঙ্গবন্ধু। এই হলেন শেখ মুজিবুর রহমান। এই হলেন বাঙালির অবিসংবাদিত নেতা। এই হলেন বিশ্বনেতা যিনি ভবিষ্যৎ দেখতে পেতেন। নিজের ভেতর দেখতে পেতেন একটি জাতির স্বপ্নকে। তিনি নিজে স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন জাতিকে দেখিয়েছেন এবং সেই স্বপ্নের পথ ধরে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করে দেখিয়েছেন। তার এই স্বপ্নে, সংগ্রামে মূল শক্তিটাই ছিলো বাংলার জনগণ। অর বঙ্গবন্ধুর এই আদর্শ বিষয়টি দেশের রাজনীতিবিদ, আমলা, আইনশৃঙ্খলাবাহিনী, জনগণ যদি বুঝে নিতে পারে ঠিকঠাক, বুকে ধারণ করতে পারে, তাহলে দেশটাকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা কেউ ‘দাবায়ে’ রাখতে পারবে না।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।