ভাসানচরে থাকা রোহিঙ্গাদের জন্য ৩ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩২ কোটি টাকা।

ঢাকা সফররত ইইউ স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার ইয়ালভা জোহানসন বৃহস্পতিবার এ ঘোষণা দেন।

গুলশানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান কমিশন ডেলিগেশন প্রধানের দূতাবাসে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান উপস্থিত ছিলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, ইউরোপীয় ইউনিয়ন ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় ৩ মিলিয়ন ইউরো সহায়তা দেবে। এটা শুনে আমরা খুশি হয়েছি। কক্সবাজারেও রোহিঙ্গাদের তারা সহায়তা করেছে। বাংলাদেশ সরকার ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে।

তিনি আরো বলেন, মিয়ানমারে যখন সংঘাত শুরু হয় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়ার নির্দেশ দেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, যদি বাংলাদেশের মানুষ খেতে পায়, রোহিঙ্গাদের সঙ্গে সেই খাবার ভাগাভাগি করে খাব। সে জন্য আমাদের প্রধানমন্ত্রীকে মানবতার জননী উপাধি দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের সব ধরনের মানবিক সহায়তা নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গাদের মধ্যে সহিংসতা ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।