মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেলের বাইরে আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল। তিনি বলেন, খালেদা জিয়ার দণ্ড শেষ হয়নি। মানবিক কারণে তিনি জেলের বাইরে রয়েছেন। তবে তিনি রাজনীতি ও নির্বাচন করতে পারবেন কি না সে সিদ্ধান্ত নেবেন আদালত।

শুক্রবার (১০ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসিন হলের সুবর্ণজয়ন্তী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেন। আর বিএনপিকে দেশের টাকা লুটপাট করে। এ কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

ডাকসুর নিয়মিত নির্বাচনে আওয়ামী লীগের কোনো হস্তক্ষেপ নেই জানিয়ে মন্ত্রী বলেন, ঢাবি স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান। তাই ডাকসু নির্বাচনের দায়িত্বও তাদের। এখানে আওয়ামী লীগের কোনো হস্তক্ষেপ নেই।

নিয়মিত নির্বাচন করতে না পারাটা বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা।অ্যালামনাই অ্যাসোসিয়েশন কোনো রাজনৈতিক বিষয় নয় জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব জায়গায় রাজনীতি করতে চাই না।

কিছু কিছু জায়গা রাজনীতি থেকে বাইরে রাখতে হয়। অ্যালামনাইয়ের চরিত্র অরাজনৈতিক হওয়া উচিত। এসব প্রোগ্রামকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। হলের প্রাক্তন আবাসিক ছাত্র এসব অনুষ্ঠানে আসবে। সবাই আড্ডা দেবে, এক সঙ্গে খাবে, পুরোনো দিনের স্মৃতিচারণ করবে।