দ্রুত গতিতে এগিয়ে চলেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের শেষ নাগাদ নির্মাণ শেষে চালু হওয়ার কথা টার্মিনালটি।
শুরু থেকেই তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ বিদেশি সংস্থার হাতে দিতে আগ্রহী ছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এতে করে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সকে তৃতীয় টার্মিনালের দায়িত্ব দেয়া হচ্ছে না- তা মোটামুটি নিশ্চিত। সম্প্রতি সংস্থার বোর্ড সভায়ও এ বিষয়ে পরামর্শক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান একটি গণমাধ্যমকে বলেন, ‘যাত্রীসেবা ও কর্মকাণ্ডে জবাবদিহি নিশ্চিতে আমরা শুরু থেকেই তৃতীয় টার্মিনাল পরিচালনা বেসরকারি খাতে দেয়ার পরিকল্পনা করেছি।
এরই ধারাবাহিকতায় বেবিচকের বোর্ড সভায় বেসরকারি প্রতিষ্ঠানকে পরিচালনার দায়িত্ব দেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।’ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ পেতে বেশ কয়েকটি দেশ আগ্রহ দেখিয়েছে। জাপান, যুক্তরাজ্য, কানাডা, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ড প্রস্তাবনা দিয়েছে বলে জানা গেছে।
যদিও বিষয়টি এখনও পর্যালোচনা পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান। উল্লেখ্য, ২০১৭ সালের ২৪ অক্টোবর শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণে তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় একনেক।
শুরুতে ১৩ হাজার ৬১০ কোটি টাকা ধরা হলেও পরে প্রকল্প ব্যয় আরও ৭ হাজার ৭৮৮ কোটি ৫৯ লাখ টাকা বাড়ানো হয়। ২০১৯ সালের শেষদিকে শুরু হয় নির্মাণকাজ।
২০২৩ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রকল্পের ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানা গেছে। এই প্রকল্পে অর্থায়ন করছে জাইকা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।