রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১১ নম্বর সেক্টরে ডাচ-বাংলা ব্যাংকে বুথের ভিতরে ছুরিকাঘাতে মো. শরিফ উল্লাহ (৪৫) নামের এক ব্যক্তিকে খুন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার সময় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এস আই) অমল কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে উত্তরার ১১ নম্বর সেক্টর ডাচ বাংলা ব্যাংকের বুথের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় শরিফ উল্লাহকে উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে রাত ২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, এ ঘটনায় ঘাতক ব্যক্তিকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর।
বাবার নাম মৃত মোহাব্বত আলী। বর্তমানে টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী কলেজ বড় দেওড়া এলাকায় থাকতেন। কি কারণে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।