দ্বিতীয় ধাপে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু আজ
দ্বিতীয় ধাপে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু আজ

আজ সোমবার (১৩ জুন) থেকে বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় ধাপে ১৪০ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। দ্বিতীয় ধাপের এ হালনাগাদ কার্যক্রম চলবে আগামী অক্টোবর পর্যন্ত।
ইসি জানায়, এই ধাপে রাজধানীর তিনটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। উত্তরা, মতিঝিল ও রমনা এলাকার তথ্য দ্বিতীয় ধাপে নেয়া হবে।
এর আগে গত ২০ মে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে ইসি। প্রথম ধাপেও ১৪০টি উপজেলায় কর্মসূচি হাতে নেয়া হয়। আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট চার ধাপে এ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, এবারের হালনাগাদ কার্যক্রমে ভোটার বৃদ্ধির হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ ৮৪ লাখ ৯৬ হাজার ৫২৬ জন ব্যক্তিকে হালনাগাদের অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সংস্থাটি।
এবারও গতবারের মতো তিন বছরের তথ্য একসঙ্গে নেয়া হচ্ছে। এক্ষেত্রে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এদের মধ্যে যাদের বয়স যখন ১৮ বছর পূর্ণ হবে, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন।
সর্বশেষ ২০১৯ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ হয়েছিল। তখন ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের তথ্য নেয়া হয়েছিল।
প্রসঙ্গত, ২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির পর এ পর্যন্ত পাঁচবার ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। ২০০৯-২০১০, ২০১২-২০১৩, ২০১৫-২০১৬, ২০১৭-২০১৮ ও ২০১৯-২০২০ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনা করে ইসি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।