পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রেজুলেশনের পক্ষে ভোট দেয়ার মূল কারণ হচ্ছে মানবিকতা। বাংলাদেশ সারাবিশ্বে মানবিক দেশ হিসেবে সুপরিচিত।

শুক্রবার (২৫ মার্চ) সকালে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, আমরা সবসময় শান্তির পক্ষে এবং যুদ্ধের বিপক্ষে। যেকোনও যুদ্ধে সাধারণ নাগরিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং এটি আমরা আমাদের অভিজ্ঞতা থেকেই জানি।’ তিনি বলেন, জাতিসংঘের রেজুলেশনে বলা হয়েছে, যারা নির্যাতিত এবং আহত হয়েছে তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য।

যেহেতু আমরা চাই, যারা নির্যাতিত হয়েছে তারা সব ধরনের সুবিধা পাক, সেই জন্য আমরা এ রেজুলেশনে রাজি হয়েছি। এ কে আব্দুল মোমেন বলেন, জাতিসংঘে পশ্চিমা দেশের পক্ষ থেকে একটি এবং দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে আরেকটি রেজুলেশন এসেছিল এবং দুটোই মানুষের মঙ্গলের জন্য আনা হয়েছিল।

বাংলাদেশ উভয় রেজুলেশনে সম্মত হয়েছিল। কিন্তু সাউথ আফ্রিকার রেজুলেশন পর্যাপ্ত সমর্থন না পাওয়ার কারণে ভোট দেয়া হয়নি। এদিকে, গত ২ মার্চ ইউক্রেনে আগ্রাসন সংক্রান্ত জাতিসংঘের একটি রেজল্যুশনে ভোটদানে বিরত থাকলেও গত বৃহস্পতিবার (২৪ মার্চ) ইউক্রেন সংক্রান্ত আরেকটি রেজুলেশনে পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। ওই রেজুলেশনে ১৪০টি দেশ পক্ষে ভোট দেয়, ৩৮টি দেশ ভোটদানে বিরত ছিল এবং পাঁচটি দেশ বিপক্ষে ভোট দেয়।