সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে আগামীকাল বুধবার (২১ সেপ্টেম্বর) দেশে ফিরছেন জাতীয় দলের ফুটবলাররা। বেলা ১টা ৫০ মিনিটে সাবিনা-কৃষ্ণাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
মেয়েদের সংবর্ধনার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে ছাদ খোলা বাস। সেটিতে করেই শহর ঘুরবেন চ্যাম্পিয়ন মেয়েরা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) যৌথ ব্যবস্থাপনায় হবে এই আয়োজন।
আজ মঙ্গলবার বাফুফে কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়েদের বরণ করার বিস্তারিত পরিকল্পনা জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, ‘কালকে (বুধবার) দুপুর ১টা ৫০ মিনিটে বাংলাদেশ দল শাহজালাল বিমানবন্দরে নামবে।
সেখানে ক্রীড়ামন্ত্রী, সচিব ও বাফুফে কর্মকর্তারা মেয়েদের অভ্যর্থনা জানাবেন। এসব নিয়ে সিভিল এভিয়েশনের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে আমাদের। আমরা মেয়েদের ফুল দিয়ে বরণ করে নেব, মিষ্টি মুখ করাব। তারপর হয়তো প্রেস ব্রিফিং হবে। ’
আবু নাঈম সোহাগ আরো বলেন, ‘এরপর ছাদ খোলা বাসে তারা আসবে। বাস কনফার্ম করা হয়েছে, ব্র্যান্ডিংয়ের কাজ চলছে। সাউন্ড সিস্টেমে ফুটবল বা ক্রীড়া বিষয়ক গানগুলি বাজবে। সেই বাসে করে আমাদের বীর ফুটবলাররা মতিঝিলে বাফুফে ভবনে আসবে। এখানে সভাপতি ফুল দিয়ে বরণ করবেন।
এরপর হালকা রিফ্রেশমেন্ট, ফটোসেশন দিয়ে আপাতত সংবর্ধনা শেষ হবে। পরবর্তীতে আরো কিছু থাকলে, আরো জাঁকজমকভাবে কিছু করতে হলে তা বাফুফে সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সম্পাদন করা হবে।’
বিমানবন্দর থেকে চ্যাম্পিয়ন মেয়েদের বহনকারী ছাদ খোলা বাসটি এয়ারপোর্ট রোড ধরে বনানী হয়ে মহাখালী ফ্লাইওভার দিয়ে শহীদ জাহাঙ্গীর গেট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণি হয়ে, তেজগাঁও দিয়ে মৌচাক হয়ে ফ্লাইওভার দিয়ে কাকরাইল যাবে।
সেখান থেকে ফকিরেরপুল, আরামবাগ, শাপলা চত্বর হয়ে বাসটি যাবে মতিঝিলের বাফুফে ভবনে। বাফুফে সাধারণ সম্পাদক আরো জানিয়েছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে চ্যাম্পিয়ন দলকে নিয়ে ‘থিম সং’ তৈরি করা হচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।