যাত্রী প্রতি ১ টাকা করে ভাড়া বাড়ানোর দাবিতে খুলনার পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘ আজ শনিবার (২২ অক্টোবর) ২৪ ঘণ্টা নদীতে ট্রলার পারাপার বন্ধ ঘোষণা করেছে।

নিত্যপণ্য ঊর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে এই কর্মসূচি দেয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনের সভাপতি মো. রেজা ব্যাপারী ও সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন ব্যাপারী। গতকাল শুক্রবার (২১ অক্টোবর) রাতে রূপসা ঘাটে এ সংক্রান্ত নোটিশ টানানো হয়েছে।

এর আগে শুক্রবার (২১ অক্টোবর) ভোর থেকে সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং যত্রতত্র বিআরটিসির কাউন্টার বন্ধের দাবিতে খুলনার ১৮টি রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি।

একই সাথে শ্রমিকদের বেতন বাড়ানোসহ ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করে যাত্রীবাহী লঞ্চ শ্রমিকরা। এতে সারাদেশ থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে খুলনা শহর।

পরিবহন ধর্মঘটের কারণে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে না পেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিএনপি নেতারা অভিযোগ করেন, ২২ অক্টোবর বিএনপির বিভাগীয় সমাবেশে আসতে বাধা দিতেই এ ধরনের ধর্মঘট কর্মসূচি ডেকে ভোগান্তি তৈরি করা হচ্ছে।