ঘন কুয়াশার কারণে বুধবার (৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় অ্যাম্বুলেন্সেই ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ৭নং ফেরিঘাটের পন্টুনে পারের অপেক্ষায় থাকা অ্যাম্বুলেন্সে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর বাড়ি মেহেরপুর জেলার গাংনী থানার মাজমারি গ্রামে। শিশুটির বাবার নাম মো. নাজিমুল ইসলাম ও মা তানজিনা খাতুন। এটি তাদের প্রথম সন্তান।

বাবা নাজিমুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার শিশুটি কয়েক দিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি ছিল। ওই হাসপাতালে সুস্থ না হওয়ায় ছাড়পত্র দিয়ে ঢাকার শিশু হাসপাতালে রেফার্ড করে।

আমি অ্যাম্বুলেন্সে করে রাত ১২টার দিকে দৌলতদিয়া ঘাটে আসার পর দেখি, কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ। সারা রাত ৭নং ফেরিঘাটে অ্যাম্বুলেন্সের মধ্যে বাচ্চা নিয়ে বসে থাকি। ভোরের দিকে অ্যাম্বুলেন্সে থাকা অক্সিজেনটি শেষ হয়ে যাওয়ায় আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে।