“আপনার বাচ্চাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান মৃত্যু ঝুঁকি কমান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট (পাকেরহাটস্থ) খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।

১১ ডিসেম্বর শনিবার খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডাঃ শতাব্দী সাহা, মেডিকেল অফিসার ডাঃ নূর ফারিহা আইরিন, মেডিকেল অফিসার (ইউনানী) ডাঃ মোঃ মোস্তাসিম তাহমিদ, নার্সিং সুপারভাইজার মোছাঃ আক্তার জাহান, সিনিয়র স্টাফ নার্স অঞ্জু রানী পাঠক, ই পি আই এম টি অশোক কুমার রায়, স্যানিটারী ইন্সপেক্টর আবু তালেব সহ ভলেন্টিয়ার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রসহ মোট ১৪৫ টি কেন্দ্রে একযোগে ব্লক ভিত্তিক ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। স্থায়ী কেন্দ্রে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন কর্মসূচি চলমান থাকবে।