মোঃ রিয়াদ গাজী | নলছিটি ঝালকাঠি: নলছিটিতে ভূমি অফিসের সার্ভেয়ার ও চেইনম্যানের বিরুদ্ধে এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ পাওয়া গেছে। সরকারি জমি বন্দোবস্ত দেওয়ার কথা বলে ঘুষ দাবি করেন তাঁরা।

ঘুষের টাকা না দেওয়ায় ভূমিহীন এক পরিবারের বসতঘর ভেঙে ফেলা হয়। গত সোমবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার বহরমপুর গ্রামের নদীভাঙনের শিকার ভূমিহীন সাজেদা বেগম (৫৫)।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সুগন্ধা নদীর ভাঙনে তাঁদের বহরমপুর এলাকার বসতভিটা বিলীন হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে তাঁর স্বামী আবদুল লতিফ হাওলাদার নদীর বিপরীত তীরে ফেরিঘাট এলাকায় জেগে ওঠা চরের ১০ শতাংশ সরকারি জমিতে বসতঘর নির্মাণ করেন। সেই জমিতে ৩২ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করছেন তাঁরা। জমি বন্দোবস্ত পাওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন আবদুল লতিফ।

জেলা প্রশাসন ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এরপর নলছিটি ভূমি অফিসের সার্ভেয়ার বজলুর রশিদ ও চেইনম্যান আবদুল জলিল সরেজমিনে ঘটনাস্থলে আসেন।

তাঁরা জমি বন্দোবস্ত করিয়ে দেওয়ার কথা বলে ভূমিহীন আবদুল লতিফের কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন; কিন্তু তা দিতে রাজি না হওয়ায় গত ১৮ মার্চ সকালে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এসে তাঁদের বসতঘর ভেঙে ফেলেন। পরে সেখানে আরেকটি পরিবারকে উঠিয়ে দেওয়া হয়।

ভূমি অফিসের সার্ভেয়ার বজলুর রশিদ বলেন, সরকারি জমি দখল করায় নিয়মানুযয়ী তাদের উচ্ছেদ করা হয়েছে। ঘুষ দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।