ডাঃ আজাদ খান, ষ্টাফ রিপোর্টার: তৈল, ডিজেল, পেট্রোল এর অস্বাভাবিক মূল্য বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

অদ‍্য শুক্রবার (১২ নভেম্বর) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ পালন করে তারা।

জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও দফতর সম্পাদক মোঃ গোলাম রব্বানীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

বিএনপিনেতা শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। জনগণের ক্রয়ক্ষমতা না বাড়লেও দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতিতে জনদুর্ভোগ এখন চরমে। তাই ব্যর্থ ও জুলুমবাজ সরকারের পতনের লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের প্রতি জোর দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।