স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ করায় শুকরিয়া আদায় ও হাসপাতালের সার্বিক সমস্যা দূরীকরণ এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার সামাজিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ।

সোমবার ২৪ মার্চ দুপুরে হাসপাতাল সম্মুখে ঘন্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও আধুনিক যন্ত্রপাতির সংকট সমাধান, চিকিৎসকদের আন্তরিকতার অভাব ও সেবার মান উন্নয়ন, হাসপাতালের পরিচ্ছন্নতা ব্যবস্থা উন্নত করার দাবি জানান।

বক্তারা বলেন- এ অঞ্চলের জনগণ দীর্ঘদিন ধরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজের দাবি জানিয়ে আসছে। জেলার শিক্ষার্থীদের চিকিৎসাশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং পর্যাপ্ত চিকিৎসক তৈরির জন্য মৌলভীবাজার মেডিকেল কলেজ প্রতিষ্ঠা প্রয়োজন। এছাড়াও হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ করায় অন্তরবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান।

অবস্থান কর্মসূচিতে সচেতন নাগরিক ফোরাম এর সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক এর সভাপতিত্বে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর জন্য সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, বিশিষ্ট লেখক সৈয়দ কামাল হোসেন বাবু, সৈয়দ জুয়েল আহমেদ, মশিউর রহমান বেলাল, আবদার হোসাইন, মাওলানা আব্দুল ওয়াজিদ, সৈয়দ আখতার হোসেন দুলন, নাজমুল খান, মোঃ মনির উদ্দিন, শেখ তামজিদ হোসেন অভি, আশরাফুল ইসলাম তানভীর, কামরান আহমদ, রেদওয়ান আহমদ ছামী, ইশতিয়াক হোসেন চৌধুরী, রকিব হোসেন ইমন, মোহাম্মদ সুমন, এম মুহিবুর, তারেক হাসান, নায়েব খান, সৈয়দ ইমরান আলী প্রমুখ।