রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট প্রতিনিধিঃ স্বাধীন বাংলাদেশের মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী আজ। এবার বিজয়ের অধ্যায় ৫০ বছর পেরিয়ে ৫১-তে পদার্পণের দিন।

পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে মুক্তিকামী মানুষ ১৯৭১ সালের এই দিনে অর্জন করেছিল বিজয়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের পর বাংলার মুক্তিকামী মানুষ এই দিনটিতে বিজয়ের স্বাদ গ্রহণ করেছিল।

স্বাধীনতা অর্জনের মাধ্যমে গণতন্ত্রের চেতনা পূর্ণতা পেয়েছিল আজকের এই দিনে। অগণিত মানুষের আত্মত্যাগ আর সীমাহীন কষ্টের প্রহর কেটে নতুন সূর্যোদয় ঘটেছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।

লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮:০০ টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামাল হোসেন জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বিজয় দিবস পালনের কর্মসূচি শুরু করেন।

পরে জেলার স্বাধীনতা স্মারকে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও কর্মচারীবৃন্দ।

বিদ্যাপীঠটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাশেদ এর উপস্থিতিতে প্রধান উপদেষ্টা মোড়ল হুমায়ুন কবিরের (ভার্চুয়ালী) সভাপতিত্বে বিদ্যালয় চত্ত্বরে আলোচনা সভা, শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি এবং খেলাধুলাসহ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় অভিভাবক ও সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।