নিজস্ব প্রতিনিধি: নড়াইল সদর উপজেলা ভূমি অফিসে জনবান্ধব, দ্রুত ও স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। গত ২২ ডিসেম্বর ২০২৫ইং তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা নির্ধারিত সময়ে সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি কমেছে বলে সেবাগ্রহীতাদের অনেকেই মত প্রকাশ করেছেন।
ভূমি অফিসে দীর্ঘদিনের একাধিক মৌজার নামজারি, খারিজ, ভূমি উন্নয়ন কর, শুনানি ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা এবং সেবার মান বৃদ্ধির কারণে সেবাপ্রত্যাশীদের মধ্যে সন্তোষ দেখা গেছে।
নড়াইল সদর উপজেলার পৌরসভাধীন কুড়িগ্রাম এলাকার ভূমিসেবা গ্রহীতা সজল মাহমুদ বলেন, “আমার জমির নামজারীর জন্য আবেদন করার অল্প সময়ের মধ্যেই কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত ভোগান্তি ছাড়াই আমার জমির নামজারী সম্পন্ন হয় এবং আমি কাগজও হাতে পাই।
শেখহাটী ইউনিয়নের দেবভোগ গ্রামের এলাকার বীনা মৈত্র বলেন, “আমি আমার জমির রেকর্ড সংশোধনের জন্য ভূমি অফিসে আবেদন করেছিলাম। আবেদন করার পর খুব অল্প সময়ের মধ্যেই কোনো ধরনের হয়রানি ছাড়াই আমার কাজটা সম্পন্ন হয়। সেবাটি দ্রুত, সহজ ও আন্তরিকভাবে পাওয়ায় আমি অত্যন্ত সন্তুষ্ট।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আমি যোগদানের পর ৭৭ টি মৌজা, জেএল নাম্বার ও রেকর্ড সংশোধন করা হয়েছে। জনগণ যেন দ্রুত ও নির্বিঘ্নে ভূমি সেবা পান, সে লক্ষ্যে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।
নড়াইল সদর উপজেলা ভূমি অফিসের বর্তমান অবস্থা নিয়ে তথ্য সংগ্রহে গেলে এসিল্যান্ডের পাশাপাশি তাঁর দপ্তরে কর্মরত নামজারী সহকারী মোঃ শামস ইয়াসরীব(লাবিদ) এর ব্যাপক প্রশংসা করেন উপস্থিত সেবা প্রত্যাশীরা।
এপর্যন্ত ‘খ’ তফসিল ভুক্ত ২.১৭ একর জমির নামজারী করা হয়েছে। এছাড়াও এসিল্যান্ড কে এইচ তাসফিকুর রহমান আসার পর থেকে প্রায় ৪০০ এর অধিক মিসকেস নিষ্পত্তি করেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।