মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার অর্থ সংগ্রহ করতে শ্রমিক হিসেবে নিজেকে ১০ বছরের জন্য বিক্রির ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছেন আনোয়ারুল ইসলাম মামুন নামের এক যুবক।
জানা গেছে, ওই যুবক বান্দরবান সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ইতিহাস বিভাগের ছাত্র। গত ১২ অক্টোবর নিজের ফেসবুক আইডি থেকে এমন একটি পোস্ট দিয়ে আলোচনায় আসেন তিনি।
বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়নের পানবাজার এলাকার বাসিন্দা মো. আনোয়ারুল ইসলাম মামুন। পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরি করে পরিবার চালিয়ে আসছেন তিনি। কিন্তু গত ৪ মাস আগে হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরীক্ষা-নিরীক্ষা করে তার মায়ের জরায়ু ক্যান্সার ধরা পরে। চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এম এ আউয়াল এর তত্ত্বাবধানে চট্টগ্রাম পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কেমো থেরাপি দেয়া হয়।
পরে চিকিৎসা চলাকালে ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়লে শারীরিক অবস্থার অবনতি হয়। মামুন তার মায়ের চিকিৎসার জন্য ইতোমধ্যে ১৪ লাখ টাকা খরচ করে ফেলেছেন। নিজের সহায় সম্বল সব বিক্রি করে মামুন এখন নিঃস্ব।
পার্টটাইম চাকরি করে পরিবার চালানোর জন্য যে কাজটি তিনি করতেন মায়ের চিকিৎসায় সময় দিতে গিয়ে সেটিও হারিয়ে ফেলেছেন। এখন মায়ের চিকিৎসা করানোর মত কানাকড়িও তার কাছে নেই। আর ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা করাতে দরকার একসঙ্গে অনেক টাকা।
তাই উপায় না পেয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে ১০ বছরের জন্য শ্রমিক হিসেবে বিক্রি করে দেয়ার ঘোষণা দেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।