রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে অর্থবছরের প্রথম পাঁচ মাসে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে বোর্ড।

তবে গত বছরের একই সময়ের চেয়ে এবার রাজস্ব আদায় ১৫ শতাংশ বেড়েছে। কর জাল, অটোমেশন ও জনসচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর পরও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ এনবিআর। চলতি ২০২১-২০২২ সালের জুলাই থেকে নভেম্বর পাঁচ মাসে এক লাখ ২৬৭ কোটি টাকার রাজস্ব আদায় করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ হাজার ৯৮ কোটি টাকা কম।

গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ে ৮৭ হাজার ১৯৪ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। অর্থাৎ চলতি বছর প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশের বেশি। গতকাল বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান আবু হেনা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘করোনার মধ্যেও গত অর্থবছরে রাজস্ব আদায়ে ১৯ শতাংশের মতো প্রবৃদ্ধি হয়েছিল। সেই ইতিবাচক ধারা চলতি অর্থবছরেও অব্যাহত রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আগামী দিনগুলোতে রাজস্ব আদায় আরও বাড়বে।’