শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, স্বর্ণের বাজারে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ ভারত। ভালো মানের কাজের মাধ্যমে স্বর্ণকে ভারতের সমপর্যায়ে নিতে পারলে আমরা তাদের চেয়েও কম দাম ও খরচে মার্কেট ধরতে পারব।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মেলায় এসব কথা বলেন তিনি। নূরুল মজিদ বলেন, ভারতে অনেক বাংলাদেশি স্বর্ণের কারিগর কাজ করছেন।

তাদের দেশে এনে এই কাজে যুক্ত করা গেলে আমরা আরও যোগ্যতাসম্পন্ন লোক পাব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে শুরু থেকেই ‍কুটির শিল্পের মতো চলছে স্বর্ণের ব্যবসা।

তবে সেই প্রাচীনকাল থেকেই এখানে তা চলছে। তাই এই শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। এভাবেই বিশ্ববাজার ধরতে চাই। শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশে স্বর্ণের বাজার বিশাল।

সেই লক্ষ্যে কাজ করতে হবে। এক্ষেত্রে আমাদের প্রধান প্রতিপক্ষ ভারত। অধিকন্তু চোরাচালানসহ অনেক বিষয় আছে। বৈধভাবে ব্যবসা না করলে সেটা চোরাকারবার হয়ে যায়। নূরুল মজিদ বলেন, বাংলাদেশে স্বর্ণের উপকরণ নেই।

ফলে মাঝে মাঝে সংকট সৃষ্টি হয়। যে উপাদান প্রয়োজন সেটা এনে এখানে পরিশোধন করতে পারলে একটা ব্র্যান্ড তৈরি হবে। সেই মান বজায় রেখে বাজারজাত করতে পারলে তা সার্থক হবে।

তিনি বলেন, যেখানে বাঙালি আছে, নারী রয়েছে, সেখানে স্বর্ণের কদর থাকে। স্বর্ণ আমাদের প্রাচীন ঐতিহ্য। এটি মুদ্রা হিসেবেও ব্যবহার হয়। পারিবারিক অসচ্ছলতায় সম্পদ হিসেবে গণ্য স্বর্ণ। যেকোনো বিপদের সেটা বিক্রি করে সমস্যা সমাধান করা যায়।