করোনাভাইরাস মহামারীর প্রভাব কাটিয়ে পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানি প্রথম প্রান্তিকে আগের বছরের একই সময়ের চেয়ে বেশি মুনাফা করেছে।

অধিকাংশের ভালো করার খবরের মধ্যেও এ খাতের তিনটি কোম্পানি লোকসান কাটাতে পারেনি। তবে একটি লোকসান কাটিয়ে প্রথম প্রান্তিকে মুনাফায় ফেরার তথ্য দিয়েছে। ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত ৩২টি কোম্পানির মধ্যে ২১টি ২০২১-২২ হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত মুনাফার তথ্য প্রকাশ করেছে।

গত বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এগুলোর মধ্যে ১৮টি কোম্পানি ২০২১-২০২২ অর্থবছরের প্রথম প্রান্তিকে মুনাফা করেছে; যার মধ্যে ১৫টির মুনাফা বেড়েছে এবং তিনটির কমেছে।

এর মধ্যে লোকসান কাটিয়ে মুনাফা ফিরেছে গ্লোবাল হেভি কেমিক্যাল। আর তিন কোম্পানি- সেন্ট্রাল ফার্মা, ফার কেমিক্যাল ও বেক্স সিনথেটিক লোকসান থেকে বের হতে পারেনি। অপরদিকে আগের বছরের একই সময়ের চেয়ে মুনাফা কমেছে একমি পেস্টিসাইড, ওরিয়ন ফার্মা ও সিলভা ফার্মার।