গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) শিক্ষক সমিতি। গুচ্ছ প্রক্রিয়ায় নানা অব্যবস্থাপনা, শিক্ষার্থীদের ভোগান্তি এবং সংকটের কারণে কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয় তারা।

রবিবার (১২ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, গুচ্ছ প্রক্রিয়ায় নানান অব্যবস্থাপনা ও সংকটের বিষয়গুলো আমলে নিয়ে সভায় কার্যনির্বাহী সদস্যদের সকলেই নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছেন।

খুব দ্রুতই বিষয়টি চিঠি আকারে উপাচার্যকে জানানো হবে। এছাড়া সভায় শিক্ষার্থী বান্ধব প্রক্রিয়ায় যত দ্রুত সম্ভব ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করতে পরবর্তী অ্যাকাডেমিক কাউন্সিল সভায় সিন্ধান্ত গ্রহণের জন্য উপাচার্যকে পত্র প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।